ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

আবার বৃষ্টির পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস

এবারের শীতে দেশের কিছু অঞ্চলের মানুষ অল্প সময়ের জন্য বৃষ্টি বিভ্রাটে পড়েছিলেন। ফের আবার বৃষ্টির পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস। মঙ্গলবার খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা।


আজ সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও উত্তর-পশ্চিমাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।


আবহাওয়া অফিস জানিয়েছে, নওগাঁ ও মৌলভীবাজার জেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গায় প্রশমিত হতে পারে।


পরবর্তী তিন দিনে আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময় বৃষ্টি হতে পারে।


এ ছাড়া মঙ্গলবার দেশের দক্ষিণাঞ্চলে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। সারা দেশে দিনের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে। তেঁতুলিয়ায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা কম থাকায় সেখানে তীব্র শীত পড়েছে।


মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ঢাকায় ১৫, ময়মনসিংহে ১৩ দশমিক ২, চট্টগ্রামে ১২ দশমিক ৯, সিলেটে ১২ দশমিক ৮, রাজশাহীতে ১০, রংপুরে ১০ দশমিক ৬, খুলনায় ১৪ দশমিক ২ এবং বরিশালে ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।


পূর্বাভাসে আরও বলা হয়, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিম বঙ্গ এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।


সকাল থেকে ঢাকায় পশ্চিম অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৪ শতাংশ। ঢাকায় মঙ্গলবার সূর্যাস্ত সন্ধ্যা পৌনে ৬টায় এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৩৯ মিনিটে ।

ads
ads
ads

Our Facebook Page

↑